নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ তার পদ থেকে অব্যাহতি প্রদানের আবেদন করেছেন। চাঁদাবাজির অভিযোগে মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসায়ীকে মারপিটের ভিডিও ভাইরাল হওয়ার পর অবশেষে তার পদ থেকে অব্যাহতি প্রদানের আবেদন করেছেন।
নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি/সম্পাদক বরাবর লিখিত আবেদন করে রোববার দুপুরে তিনি তার ফেসবুক আইডিতে এ অব্যাহতিপত্র প্রকাশ করেন।
নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভি বলেন, ফেসবুকে রাজুর অব্যাহতি দানের আবেদন দেখেছি। কিন্তু এখনও আমি পত্র হাতে পাইনি। রাজুকে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছিল। আজ রোববার তিনদিনের সময় শেষ হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
রাজু আহমেদ বলেন, গত ৬ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার পক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করা পারিবারিক সমস্যার কারণে সম্ভব হচ্ছে না। যে কারণে সাংসারিক জটিলতা সৃষ্টি হয়েছে। আর এজন্যই ওই পদ থেকে অব্যাহতি দানের আবেদন জানান তিনি।
এ ব্যাপারে রাজুর ব্যবহৃত মোবাইলফোন নম্বরে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ডের আরএফএল ভিগো শোরুমের স্বত্বাধিকারী সোহেল রানা বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও ছাত্রলীগ নেতা নয়নসহ ছয়-সাতজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে মামলা করেন।
বার্তাবাজার/কে.কে