মাগুরায় ছাত্রলীগ নেতার বাড়িসহ ৯টি বসতবাড়ি ভাঙচুর

মাগুরায় ওয়াপদা স্ট্যান্ডে যাত্রীছাউনি নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা গ্রামের ৯টি বাড়ি এবং একটি তুলার কারখানায় ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

আজ (রোববার) সকাল ৯টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর, নাকোল এবং রায়নগর গ্রামের অন্তত দুইশ’ লোক জড়ো হয়ে ৯টি বাড়ি ও একটি তুলার কারখানায় ব্যাপক ভাংচুর করে। এর মধ্যে ছিলো মাগুরা জেলা ছাত্রলীগ সহ-সভাপতি গোলাম সরোয়ার মুন, ইউনিয়ন যুবলীগ যুগ্ম সম্পাদক আলামিন শেখ, তার ভাই ইমরান শেখ, রবিউল শেখ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হোসেন মণ্ডল, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদকের বড় ভাই ইনামুল হক এবং যুবলীগ কর্মী চঞ্চল শেখের বাড়ি। এসময় ভাংচুরের পাশাপাশি বিভিন্ন বাড়িঘর থেকে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ হামলা ভাংচুরে স্থানীয় বিএনপি এবং হাইব্রিড কর্মীরাও অংশ নেয় বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাকোল ইউপি চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত জানান, সরকারি জায়গায় যাত্রীছাউনি বানানো হচ্ছে। এটি স্থানীয় এমপি সাইফুজ্জামান শিখরের কমিটমেন্ট। কিন্তু ছাত্রলীগ নেতা মুন তার বিরোধিতা করেছে। এছাড়াও বাজারে দাঁড়িয়ে আমার এবং এমপির বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে মুন। আর এ কারণেই ক্ষুব্ধ হয়ে তাদের বাড়িঘরে হামলা চালিয়েছে।

হামলার বিষয়ে শ্রীপুর থানার ওসি আলি আহমেদ মাসুদ জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর