আজ রোববার দুপুরে রাজধানীর বনানীর এক নম্বর রোডের একটি ফ্লাট থেকে লিজা (১৩) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লিজা গৃহকর্মী হিসেবে গত তিন মাস ধরে ওই বাসায় কাজ করে আসছে। লিজার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়।
গৃহকর্তার দাবি, লিজা বাসার সার্ভেন্ট কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার সন্ধ্যায় বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, ‘সকাল ৮টার সময়ও লিজা বাসার কাজ করেছে বলে গৃহকর্তার দাবী। এরপর এক সময় লিজাকে সার্ভেন্ট কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখা যায়। তবে হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট না পেলে এই ব্যাপারে কিছু বলা যাবে না।’
ওসি নূরে আজম মিয়া আরও জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা লিজার ফোনে ‘জান’ নামে সংরক্ষণ করা একটি মুঠোফোন নম্বরে পাঠানো একটি মেসেজ দেখতে পাই। সেখানে ‘আমি আর নাইরে জান’ বলে একটি ম্যাসেজ পাঠানো হয়েছে।
ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে মৃত্যুর কারণ। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
বার্তাবাজার/কে.কে