কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদককে অব্যাহতি

কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক পদ থেকে ফরহাদ আহমেদ ফকিরকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ রবিবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা উত্তর জেলা শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির এর নিজ আবেদনের প্রেক্ষিতে তাকে উক্ত পদ হতে অব্যাহতি প্রদান করা হলো।

উল্লেখ্য, গত ১১ আগস্ট ফরহাদ আহমেদ ফকিরের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তার প্রেক্ষিতে ফরহাদ আহমেদ ফকিরকে গত ১৪ আগস্ট বাংলাদেশ ছাত্রলীগ কারন দর্শানোর নোটিশ প্রদান করেন।

নোটিশের প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আহমেদ ফকির বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদ থেকে অব্যাহতির একটি আবেদনপত্র জমা দেন।

ওই আবেদনে ফরহাদ আহমেদ উল্লেখ করেন, তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলা ব্যপী মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত হয়ে পড়ায় জেলা ছাত্রলীগের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহন করতে পারছে না। এমতাবস্থায় তার অনুপস্থিতির কারনে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের রাজনৈতিক কর্মসূচিসমূহের বিঘ্ন ঘটে। সংগঠনের সার্থে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র ৫ এর (গ) ধারার আলোকে উক্ত কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে গঠনতন্ত্র মোতাবে যে কোন ছাত্রনেতা বরাবরে উক্ত দায়িত্ব অর্পন করা হউক।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর