মানিকগঞ্জ শহরে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্বৃত্তরা এক পরিবারকে জিম্মি করে ৬০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের পূর্বদাশড়া এলাকার ব্যবসায়ী নজরুল ইসলামের বাসায় লুট করা হয়।
ওসি আকবর আলী খান বলেন, টাকা লুটের বিষয়টি জানার পর পুলিশ কাজ শুরু করেছে। পুলিশ দ্রুত দোষীদের ধরতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, মুখে মাস্ক পরা দুইজন যুবক রাত সাড়ে ৯টার দিকে তার ঘরের ভিতর ঢুকে পড়ে। সিভিল পোশাকের ওই দুই যুবকের একজন দুটি হ্যান্ডকাপ হাতে নিজেদের পুলিশ পরিচয় দেয়। ঘরে তল্লাশি করার নামে একজন আধাঘণ্টা ধরে জিনিসপত্র তছনছ করে। তখন দরজার বাইরে দাঁড়িয়ে থাকে অন্যজন। পরে থানায় নিয়ে না যাওয়ার শর্তে নজরুল ইসলামের কাছে থাকা নগদ ৫০ হাজার লুটে নেয়। এছাড়াও তার মোবাইল থেকে বিকাশ অ্যাকাউন্টের গোপন নম্বর নিয়ে অন্য একটি অ্যাকাউন্টে ১০ হাজার সেন্ট করে নেয়।
বার্তাবাজার/কে.কে