চবির ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ অর্থবছরের জন্য ৩৪৬ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার ( ১৩ সেপ্টেম্বর) সকালে চবির উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসানের উপস্থাপনাায় বিশ্ববিদ্যালয়ের এআর মল্লিক ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত ৩২তম সিনেট সভায় উক্ত বাজেট ঘোষণা করা হয়।

বাজেটে বেতন খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে বিশ্ববিদ্যালয়ের ৫১৪ কোটি ১৩ লাখ টাকা চাহিদার বিপরীতে ৩৪৬ কোটি ৩০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। যার মধ্যে ৩২৯ কোটি ৮০ লাখ টাকা দেবে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য নিজস্ব আয় থেকে পাওয়া যাবে ১৬ কোটি ৫০ লাখ টাকা। বাকি ৫ কোটি ৫৫ লাখ টাকা ঘাটতি হিসেবে উল্লেখ করা হয়েছে। যেখানে বেতন খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২২২ কোটি ২০ লাখ টাকা। যা মোট বাজেটের ৬৪ দশমিক ১৬ শতাংশ।

গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪ কোটি ২০ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ২১ শতাংশ। এ ছাড়া ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি খাতে ২ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা, পরিবহন খাতে ৩ কোটি ৫০ লাখ টাকা ও চিকিৎসা খাতে ৫৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সিনেট অধিবেশনে গত ২০১৯-২০ অর্থবছরের ৩৩৫ কোটি ৬৫ লাখ টাকা সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, সংরক্ষিত সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, বিজ্ঞান অনুষদের ডিন নাছিম হাসান, আইন অনুষদের ডিন অধ্যাপক এবিএম আবু নোমান, শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, চবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক সিরাজুদ্দৌলা, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী, রাহমান নাছির উদ্দিন, বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া সহ প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর