সময় যত পার হচ্ছে ততই জটিলতা বাড়ছে শ্রীলঙ্কা সফর নিয়ে। টাইগাররা যদি সামনের মাসে লঙ্কানদের সাথে খেলতে চায় তাহলে তাদের দেওয়া কঠিন নিয়মকানুন মেনেই চলতে হবে। এরইমধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সফর নিয়ে তাদের নীতিমালা পাঠিয়ে দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন, শ্রীলঙ্কান বোর্ডের চিফ অপারেটিং অফিসার অ্যাশলি ডি সিলভা। তিনি জানান, স্থানীয় সরকারের সঙ্গে কথা বলে এরইমধ্যে বিসিবিতে সফরে স্বাস্থ্যবিষয়ক নীতিমালা পাঠানো হয়েছে।
ডি সিলভা জানান, ‘আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিষয়ক নীতিমালা হাতে পেয়েছি। আর আমরা সেটা গতকালই পাঠিয়ে দিয়েছি। আর এই নীতিমালা ভালো করে দেখে বিসিবি তাদের সিদ্ধান্ত জানাবে। এছাড়া তাদের প্রস্তুতির বিষয়টিও অবশ্যই আমাদের অবহিত করতে হবে।’
লঙ্কানদের দেওয়া নীতিমালার মধ্যে অন্যতম বিষয় হলো টাইগারদের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। শুধু তাই নয় অংশ নিতে হবে পিসিআর টেস্টে। এ ছাড়া বিসিবি এসএলসিকে অনুরোধ করেছিল জাতীয় দলের সঙ্গে এইচপি দলসহ ৬৫ সদস্যের দল নিয়ে যেতে।
কিন্তু লঙ্কান ক্রিকেট বোর্ড সেটিতে রাজি হচ্ছে না। তারা জানিয়েছে, শুধু জাতীয় দলের সঙ্গে কর্মকর্তাসহ সর্বোচ্চ ৩০ সদস্য সফর করতে পারবেন শ্রীলঙ্কায়। ডি সিলভা বলেন, ‘আমরা এখন বিসিবির উত্তরের অপেক্ষায় আছি। তারা জানালেই আমরা আমাদের যাবতীয় প্রস্তুতি শুরু করব।’
কেএস/বার্তাবাজার