এই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরুন বিএনপি তা চায় না। তারেক রহমানের দেশে ফেরা সরকারই বন্ধ করে দিয়েছেন বলে জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের বিএনপির নেতৃত্বে আসার তথ্য মনগড়া বলেও জানান তিনি।
জার্মানি ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে বাংলার সাপ্তাহিক ইউটিউব টক শোতে তিনি এ কথা বলেন।
ওই টকশোতে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরুন দলই তা চায় না। তারেক রহমানের দেশে ফেরা সরকারই বন্ধ করে দিয়েছেন। যেসব মামলাতে একতরফা রায় দিয়ে দিয়েছেন, যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩৬-৩৭টা মামলায় তার অন্য সাজাও হয়েছে। সুতরাং এই মুহূর্তে তার দেশে ফেরাটা দলই মনে করছে না নিরাপদ হবে। দলের সার্বিক নেতৃত্বেও এর ফলে সংকট সৃষ্টি হতে পারে।’
ডয়চে ভেলের অনুষ্ঠানে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয় -বিভিন্ন সময়ে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকেও দলের দায়িত্বে নিয়ে আসার কথা শোনা গেছে। জবাবে তিনি বলেন, ‘এটা মনগড়া তথ্য।’
ফখরুল বলেন, বাংলাদেশের সাংবাদিকরা মাঝেমধ্যে গল্প তৈরি করতে পছন্দ করেন এবং তা নিয়ে আলোচনাও হয়। এটা জাতিগত বিনোদনও বটে।’
বার্তাবাজার/কে.জে.পি