মসজিদে বিস্ফোরণ: ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে তিতাসের আপিল

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান।

তিনি জানান, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছি। আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হতে পারে। আবেদনের পক্ষে শুনানি করবেন এ এম আমিন উদ্দিন।

গত ৯ সেপ্টেম্বর বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ৭দিনের মধ্যে ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি পাঁচ লাখ টাকা করে প্রদানের নির্দেশ দেন। একই সঙ্গে রুল জারি করেন। ওই দিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সঙ্গে ছিলেন রিটকারী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।

৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে গত ৭ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নারায়নগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে রিট দায়ের করেন। রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়নগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর