দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর সকল কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এর সরকারি বাসভবনে ঢুকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। হামলাকারীকে বাঁধা দিতে আসলে ইউএনওর বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এর ন্যায় বিচার সরকারের পক্ষ থেকে অবশ্যই করতে হবে। সরকারি কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি আরো জোরদার করতে হবে।
এর আগেও দেশের অনেক জায়গায় সরকারি কর্মকর্তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে না পারলে কর্মকর্তারা কাজের আগ্রহ হারিয়ে ফেলবে। অপরাধীরা যত শক্তিশালীই হোক না কেন তাদেরকে আটক করে বিচারের আওতায় আনতে হবে।’
এসময় দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর যে হামলা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারা এই হামলার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব এদেশের আইন শৃঙ্খলাবাহিনীর।
আমরা বিশ্বাস করি, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা এই ঘটনার মূল অপরাধীকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসবে। ইতোমধ্যে এই ঘটনায় কয়েকজনক আটক করা হয়েছে। যদি এদের মধ্যে প্রকৃত হামলাকারীকে পুলিশ সনাক্ত করতে পারে তাহলে অবশ্যই এর পিছনে যারা যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। মূল অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসতে পারলে দেশে এরকম ঘটনার ঘটার সাহস করবে না দূর্বৃত্তরা!’
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দিনাজপুর শিক্ষাবোর্ডর সেকশন অফিসার সৈয়দা সানজিদা তাবাসসুম শম্পা, সেকশন অফিসার রিয়াজুল ইসলাম রাজু, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সহসভাপতি শহিদুল ইসলাম খান, সহসাধারণ সম্পাদক আল হামরা পারভীন পিয়া, শিরিন আক্তার শিমুসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, এর আগে গত ২ সেপ্টেম্বর বুধবার গভীর রাতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা চালায় দূর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা।
বার্তাবাজার/অমি