ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সড়কে যন্ত্রচালিত রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি এসব যানবাহনগুলো ডিএসসিসি এলাকার সব সড়কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এগুলো সড়কে পাওয়া গেলেই তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। কোন সড়কে ধীরগতির যানবাহন চলবে, কোন সড়কে দ্রুতগতির যানবাহন চলবে, এগুলো আমরা নির্ণয় করে দেবো বলেও জানান তিনি।
রোববার (১৩ সেপ্টেবর) নগর ভবন প্রাঙ্গণে রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, টালিগাড়ি ও ঘোড়ার গাড়ি নিবন্ধন, নবায়ন এবং মালিকানা পরিবর্তন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তাপস বলেন, ব্যাটারিচালিত রিকশা-ভ্যানসহ যেসব অযান্ত্রিক যানবাহনে মোটর-ব্যাটারি-ইঞ্জিন সংযোজন করে সেগুলোকে যান্ত্রিক বানানো হয়েছে, আজ রোববার থেকে সেসব যানবাহনগুলো ডিএসসিসি এলাকার সব সড়কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব ইঞ্জিনচালিত রিকশা বা যানবাহন সড়কে পাওয়া গেলেই তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এসব যানবাহন ডিএসসিসি অঞ্চল থেকে অপসারণ করা হবে। সড়কে যন্ত্রচালিত এসব যানবাহন পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, কোন সড়কে ধীরগতির যানবাহন চলবে, কোন সড়কে দ্রুতগতির যানবাহন চলবে, এগুলো আমরা নির্ণয় করে দেবো। এই নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে ধীরগতির যানবাহনগুলো যেমনি নিবন্ধনের আওতায় আসবে তেমনি নিয়মের আওতায়ও আসবে।
‘এটা শুধু নিবন্ধন কার্যক্রমই নয়, এই কার্যক্রম নির্বাচনী ইশতেহারে বর্ণিত সচল ঢাকা গড়তে পরিকল্পনার প্রথম ধাপ। সুনির্দিষ্টভাবে অযান্ত্রিক যানবাহনগুলোকে নিবন্ধনের আওতায় এনে আমরা সুনির্দিষ্টভাবে তাদের সড়ক নির্ধারণ করে দেবো এবং চালকদেরকেও আমরা নিবন্ধনের আওতায় আনবো। এরই ফলে অযান্ত্রিক যানবাহনগুলো সুশৃঙ্খলভাবে যাতায়াত ব্যবস্থার আওতায় আসবে’।
বার্তাবাজার/কে.জে.পি