ছাত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস, গবির রেজিস্ট্রারকে অব্যাহতি

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) রেজিস্ট্রার দেলোয়ার হোসেন ও তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস হওয়ার পর তাকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড। শনিবার দুপুরে ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের মেজর এটিএম হায়দার বীরউত্তম মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের জরুরি সভায় দেলোয়ার হোসেনকে সিদ্ধান্ত নেয়া হয়।

ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম জানান বেশকিছু অভিযোগে দেলোয়ার হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক হোসনে আরা শাহেদ, অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক দিলারা চৌধুরী, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু উপস্থিত ছিলেন।

এছাড়া জুমের মাধ্যমে সভায় যোগ দেন ট্রাস্টি বোর্ড সদস্য বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ড. সালেহ্ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. সৈয়দ মোদ্দাচ্ছের আলী, ওয়ালিউল ইসলাম এবং শিরীন পারভীন হক ।

এর আগে, গত মঙ্গলবার রেজিস্ট্রার দেলোয়ার হোসেন ও এক ছাত্রীর অশ্লীল, কুরুচিপূর্ণ কথাবার্তা সম্বলিত ২৬ মিনিট ৩২ সেকেন্ডের একটি ফোনালাপ ফাঁস হয়। এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে তোলপাড় শুরু হয়। অবস্থার প্রেক্ষিতে জরুরী সভা আহ্বান করে ট্রাস্টি বোর্ড।

সার্বিক বিষয়ে ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, উনি অব্যাহতি চেয়েছেন, তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে কি ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে ডা. জাফরুল্লাহ বলেন, অভিযোগের কোনো ভিত্তি নেই। এ ব্যাপারে কেউ প্রমাণ নিয়ে আমাদের কাছে অভিযোগ করেনি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রেজিস্ট্রার দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করতে পারেন নি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর