রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় এক স্বনামধন্য পত্রিকার সাংবাদিকের নাম পরিচয় ব্যবহার করে বিভিন্ন বাড়ীওয়ালা ও ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ দাবীর অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, একদল দুর্বৃত্ত নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা দাবি করছে। এ কাজে দুর্বৃত্ত দলটি স্থানীয় প্রতিষ্ঠিত সাংবাদিকদের নাম পরিচয় ব্যবহার করে অর্থ আদায় করছে। এমন পরিস্থিতির শিকার হয়েছেন দৈনিক যায়যায়দিনের তুরাগ (উত্তরা) প্রতিনিধি মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন। ঘটনা জানতে পেরে, তৎক্ষনাৎ তিনি তুরাগ থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।
থানায় দায়ের করা অত্র সাধারণ ডাইরীতে বলা হয়, অজ্ঞাতনামা কে বা কাহারা আমার এবং আমার পত্রিকার নাম ব্যবহার করে তুরাগের নলভোগ এলাকার কতিপয় বাড়ীওয়ালা ও ব্যবসায়ীদের ডেকে এনে বিভিন্ন পরিমাণ অর্থ দাবী এবং আদায় করছে। (তুরাগ থানা জিডি নং-৫৬২, তাং- ১২/০৯/২০২০)।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন জানান, আমার ও আমার পত্রিকার নাম ব্যবহার করে কেউ যদি ভবিষ্যতে টাকা দাবী করে, তাহলে তৎক্ষনাৎ আমাকে মুঠোফোনের এই নাম্বারে (০১৭৫০০০০৯০২) জানানোর অনুরোধ করছি অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন। তার দাবি, সাংবাদিকদের নাম ব্যবহার করে যারা এহেন ঘৃণ্য অপকর্মে নেমেছে তাদেরকে দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি।

বার্তা বাজার / ডি.এস