সিংড়ার আলোচিত সেই আওয়ামী লীগ নেতা রবি বহিষ্কার

আওয়ামী লীগে যোগ দিয়েই নসিমন চালক থেকে কোটিপতি রবিউল ইসলাম!

সিংড়ায় নৈতিকতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে আলোচিত সেই চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল বারিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীতি-নৈতিকতা অসন্তোষজনক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে গঠনতন্ত্রের ৪৭ এর ‘ঞ’ নং ধারা মোতাবেক চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিকে আ’লীগের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়ে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সিংড়া উপজেলা কমিটিকে জোড় সুপারিশ করছি।

চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে রবিকে বহিষ্কার করে সুপারিশ পাঠানো হয়েছে। কারণ নৈতিকতা ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আওয়ামী লীগে কোন স্থান নেই।

উল্লেখ্য, সম্প্রতি জমি নিয়ে বিরোধে আওয়ামী লীগ নেতা রবি ও তার সহযোগীরা ছুরিকাঘাত করে নিজ দলের এক নারী কর্মীকে হত্যা করে গা ঢাকা দেন। রবির বিরুদ্ধে সিংড়া থানায় নারী কর্মী হত্যাসহ চারটি মামলা ও জমি দখল, চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর