কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে ২ বিজিবি। আটক ব্যক্তিকে জব্দকৃত মাদকসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী ৫ নম্বর স্লুইচ গেইট এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হোয়াইক্যং খারাংখালী পূর্ব মহেশখালীয়া পাড়ার জালাল আহমদের ছেলে হেলাল উদ্দিন (২৬) বলে নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান ঝিমংখালী সীমান্ত দিয়ে পাচারের সংবাদের ভিত্তিতে ঝিমংখালী বিওপির জওয়ানরা নকুল মেম্বারের চিংড়ি ঘেরের পাশে অবস্থান নেয়। এসময় তিন জন ব্যক্তি ৫ নং স্লুইচ গেইট এলাকার বেড়িবাধেঁর উপরে উঠতে দেখে জওয়ানরা ধাওয়া করে ইয়াবা ভর্তি ১টি বস্তাসহ হেলাল উদ্দিনকে আটক করে।
এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
বার্তা বাজার / ডি.এস