রাজধানীতে তুরাগ বাসের ধাক্কায় পাঁজরের হাড় ভেঙে গেছে সাংবাদিকের

রাজধানীর খিলক্ষেত এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসের চাপায় গুরুতর আহত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের সিনিয়র সাংবাদিক ইকরাম-উদ-দৌলা। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নিজের মোটরসাইকেলে করে মিরপুরে বাসার দিকে আসার সময় লা মেরিডিয়ান হোটেলের সামনে পেছন থেকে আসা বাসটি তাকে ধাক্কা দেয়।

গুরুতর আহত সাংবাদিক ইকরামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. আজিজুল ইসলাম জানান, সন্ধ্যায় খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনে ওভারব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। তার সামনে একটি বাস ও পেছনে একটি বাস ছিল। সামনের বাসটি হঠাৎ ব্রেক করলে তিনিও ব্রেক করেন। তখন পেছনের বাসটি ব্রেক করেও তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে বাসের সামনের চাকার নিচে পড়ে মোটরসাইকেলটি। আর তিনি বাসের নিচে ঢুকে যান।

পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর সেখান থেকেও তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

চিকিৎসকের বরাতে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুল জানান, ইকরামের পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘাতক যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। জড়িত চালকের সন্ধানে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর