সিডিউল মতো কাজ এগোলে ২০২২ সালেই ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। আর সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলেও জানান তিনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হিলটপ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম সুজন বলেন, কক্সবাজার-দোহাজারী রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। যেসব অংশে জটিলতা রয়েছে তাও দ্রুত শেষ করে ক্ষতিপূরণ হস্তান্তর সম্পন্ন করা হবে। এ জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়েছে। এরপর পুরোদমে কাজ চালিয়ে ২০২২ সালের জুন মাসেই সম্পন্ন হবে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ কাজ।
মানুষের যাতায়াতে সুবিধা হবে জানিয়ে রেলপথমন্ত্রী আরও বলেন, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ শেষ হলে পাল্টে যাবে কক্সবাজারের চিত্র। যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। অর্থনৈতিক ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব ঘটবে। পর্যটক বৃদ্ধির পাশাপাশি যাতায়াত সুবিধা ভোগ করতে পারবে সাধারণ মানুষও।
কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক মো. মফিজুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্প ও ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস