জর্ডানে সেনাবাহিনীর গোলাবারুদের গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ

জর্ডানে একটি সামরিক স্থাপনার গোলাবারুদ রাখার ডিপোতে কয়েক দফা মর্টার শেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেঁপে উঠেছে দেশটির অন্যতম শহর জারকা ও এর আশেপাশের অঞ্চল। স্থানীয় সময় শুক্রবার ভোরে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেনাবাহিনীর দাবী উচ্চ তাপমাত্রার কারণে এই শেল বিস্ফারণ ঘটেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সামরিক স্থাপনাটি শহরের আবাসিক এলাকা থেকে বেশ খানিকটা দূরে। তবে বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রাজধানী আম্মান থেকেও আকাশে আগুনের ঝলকানি দেখা গেছে। শোনা গেছে বিস্ফোরণের শব্দও। জর্ডান সরকার প্রাথমিকভাবে জানিয়েছিল, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটেছে।

পরে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তালাল আল গোবাইন জানান, ঘটনাটি খতিয়ে দেখে বোঝা যাচ্ছে, উচ্চ তাপমাত্রার কারণে মর্টার শেলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এ বিস্ফোরণ হয়েছে।

প্রতিবেশী সিরিয়া, ইসরায়েল, ফিলিস্তিন এবং ইরাকের পাশাপাশি জর্ডানেও এমাসে তাপমাত্র ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। কয়েক দশকের মধ্যে দেশটিতে এই মাত্রার তাপপ্রবাহ দেখা যায়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর