রাজধানীতে নব্য জেএমবির ৪ জঙ্গি আটক

রাজধানীর উত্তরা মডেল টাউনের আজমপুর এলাকা থেকে নব্য জেএমবির =৪ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাদেরকে আটক করার পর আজ (শুক্রবার) গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন মামুন আল মোজাহিদ ওরফে সুমন ওরফে আবু আবদুর রহমান, আল আমিন ওরফে আবু জিয়াদ, মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক ও সারোয়ার হোসেন রাহাত।

পুলিশ কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন জানান, ‘গত ১১ আগস্ট সিলেট জেলায় কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ অপারেশন এলিগ্যান্ট বাইট পরিচালনা করে পল্টনের ঘটনায় জড়িত নব্য জেএমবির পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করে। গোয়েন্দা ও গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তরার আজমপুর এলাকা থেকে এই চারজন নব্য জেএমবির সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও জানান, পল্টনের বোমা বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত মোট নয়জন নব্য জেএমবির সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল গ্রেপ্তার হওয়া সদস্যদের সঙ্গে আগে গ্রেপ্তারকৃত অভিযুক্ত শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামানের বিভিন্ন সিক্রেট কমিউনিকেশন অ্যাপসের মাধ্যমে পল্টনে হামলার নির্দেশনা ও পরিকল্পনা বিষয়ক কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে।’

আজ শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করেন। তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারকৃতদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর