ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় স্বামী-স্ত্রীর পিটুনীতে ব্যবসায়ীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাওনা টাকা আদায় করতে গিয়ে দেনাদার দম্পতির হামলায় কবির হোসেন ওরফে ছোটন মিয়া নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দেনাদার ও তার স্ত্রীর প্রচন্ড মারধরেই ছোটন মিয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগে উঠেছে।

আজ (শুক্রবার) উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আটকৃতরা হল- সেলিম মিয়া ও তার স্ত্রী পারভীন আক্তার। তারাও একই গ্রামের বাসিন্দা।

ছোটন মিয়ার নিহত হওয়ার ঘটনায় তার মেয়ে লাভলী আক্তার বাদি হয়ে সেলিম মিয়া ও তার স্ত্রী পারভীন আক্তারকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে ছোটন মিয়ার কাছ থেকে ৪৩ হাজার টাকা ধার নেন সেলিম মিয়া। টাকা পরিশোধের জন্য সময় চেয়ে বারবার ছোটন মিয়াকে ঘুরানোর পর আজ ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় সেলিম। কথামত টাকা আনতে সেলিমের বাড়ি গেলে টাকা দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করে সে।

এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে ওই দম্পতি কবির হোসেনের বুকে ও তলপেটে সজোরে ঘুসি ও লাথি মারতে শুরু করে। এক পর্যায়ে তাদের বেধড়ক পিটুনিতে অজ্ঞান হয়ে পড়ে ছোটন মিয়া। পরে স্থানীয়রা উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কবির হোসেনকে মৃত ঘোষণা করেন।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন বলেন, নিহতের শরীরে বিভিন্ন অংশে আঘাতের কিছু চিহ্ন রয়েছে। এ ঘটনায় স্বামী স্ত্রী দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর