লাইন দিয়ে বের হচ্ছে গ্যাস, তার উপর দিয়েই চলছে গাড়ি

ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের মহিপাল জিরোপয়েন্ট এলাকায় লিক হয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাইন। সামান্য সিগারেটের আগুনের ছোঁয়া পেলেই জ্বলে উঠছে সেখানে দাউদাউ আগুন। কিন্তু সকল ভয়ভীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার উপর দিয়েই চলাচল করছে বিভিন্ন ধরণের যাত্রী ও মালবাহী যান। বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কায় ভীত রয়েছেন স্থানীয় লোকজন।

আজ (শুক্রবার) দেখা যায়, দিয়াশলাই কিংবা সিগারেটের আগুন পেলে আগুন ছড়িয়ে পড়ছে। পানি পেলে বুদবুদ করছে। প্রায় ৫০-৭০ ফুট জায়গা জুড়ে এমন পরিস্থিতি দেখা গেছে। না জেনে মারাত্মক ঝুঁকি নিয়ে চালকরা এর উপর দিয়ে গাড়ি চালাচ্ছে; আবার অনেক সময় দাঁড়িয়ে যাত্রী উঠানামা করছে।

তবে গাড়ির চালকদের মতে, এভাবে রাস্তার উপর দিয়ে গ্যাস বের হতে থাকে তাহলে গাড়ির নিচ দিয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবন রয়েছে।

স্থানীয় একটি হোটেলের ম্যানেজার আবদুল আলিম জানান, গত কয়েক মাস ধরে এভাবে গ্যাস নির্গত হচ্ছে। বাখরাবাদ গ্যাস কোম্পানীর লোকজনদেরকে জানালে তারা বালু ছিটিয়ে দিয়ে চলে যায়। ব্যস্ততম সড়কে গাড়ি ছাড়াও অসংখ্য দোকান রয়েছে। এ অবস্থায় সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তবে এ বিষয়ে ফেনীর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার শাহাব উদ্দিন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে মেরামত করবো।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর