বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে জমা পড়া ৪৯টি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে বাছাইয়ের পর নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র উত্তোলনের পর থেকেই প্রত্যাহার শুরু হয়েছে। আগামীকাল (শনিবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। যদিও এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। পরের দিন রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই জানা যাবে ভোটের মাঠে শেষ পর্যন্ত কারা থাকেন।
এবারের বাফুফে নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা পড়েছে তিনটি। বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিন এবারও সভাপতি পদে নির্বাচন করছেন। অন্য দুই প্রতিদ্বন্দ্বী হলেন, বর্তমান কমিটির সহসভাপতি বাদল রায় ও কোচ সফিকুল ইসলাম মানিক। সিনিয়র সহসভাপতি পদে আবদুস সালাম মুর্শেদীর প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম। চারটি সহসভাপতি পদের জন্য প্রার্থী ৮ জন। এর মধ্যে বর্তমান কমিটির সহসভাপতি আছেন তিনজন। বাকি ৬ জন এই পদে নতুন।
সহসভাপতি পদে কাজী মো. সালাউদ্দিনের প্যানেলে আছেন কাজী নাবিল আহমেদ, আমিরুল ইসলাম বাবু, আতাউর রহমান মানিক ও ইমরুল হাসানা। অন্য প্রার্থীরা এখন এককভাবেই আছেন। বর্তমান কমিটির সহসভাপতি তাবিথ আউয়াল কোনো প্যানেলে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন। বাকি তিনজন মহিউদ্দিন মহি, শেখ মুহম্মদ মারুফ হাসান ও এসএম আবদুল্লাহ আল ফুয়াদ।
বার্তা বাজার / ডি.এস