ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা জিনিয়াকে (৯) অপহরণের ঘটনায় গ্রেফতার লোপা তালুকদারের (৪২) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুই দিনের রিমান্ড শেষে লোপা তালুকদারকে ঢাকা মহানগর হাকিম আদলতে হাজির করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মো. শাহজাহান মিয়া মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লোপাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
অপরদিকে লোপার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী উভয় পক্ষের শুনানি শেষে লোপার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৮ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে লোপাকে হাজির করে পুলিশ। শাহবাগ থানার পুলিশ অপহরণের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য লোপাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি শুনানি শেষে লোপার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া জিনিয়াকে তার মায়ের জিম্মায় দেন।
৭ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে। এ ঘটনায় নূর নাজমা আক্তার লোপা তালুকদার (৪২) নামে এক নারীকে গ্রেফতার করে ডিবি।
এ বিষয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, লোপা তালুকদার বিভিন্ন প্রলোভন দেখিয়ে ‘অসৎ উদ্দেশ্যে’ জিনিয়াকে অপহরণ করেন।
বার্তাবাজার/কে.কে