গাজীপুরে স্টেডিয়ামে খেলার সময় বজ্রপাতে প্রাণ গেলো জেলা ক্রিকেট একাডেমির ২ খেলোয়াড়ের। ক্রিকেট অনুশীলনে নিয়মিতই স্টেডিয়ামে আসত ২ কিশোর ১০ম শ্রেণিতে পড়ূয়া নাদিম মাহমুদ ও ৯ম শ্রেণির ছাত্র মিজানূর রহমান।
গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অন্যদের সঙ্গে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম মাঠে নামে ২ কিশোর। তখন হঠাৎই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।
নাদিম মাহমুদ(১৬) কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার রুহুল আমিনের ছেলে। জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। খেলোয়াড় মিজানুর রহমান(১৬) জোড়পুকুরপাড় এলাকার আব্দুল হাইয়ের ছেলে। গাজীপুর আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণির ছাত্র। তাদের ২ জনেরই এ বছর গাজীপুর জেলা ক্রিকেট একাডেমি থেকে অনূর্ধ্ব-১৬-এ খেলার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ বজ্রপাতের আলো মাটিতে পড়ল। বিকট শব্দও হয়েছিল। এরপরই তারা দু’জন মাটিতে পড়ে যায়।
ক্রিকেট কোচ আনোয়ার হোসেন লিটন বলেন, করোনার কারণে ক্রিকেট অনুশীলন বন্ধ রয়েছে। তারপরও কেউ কেউ নিজেদের ইচ্ছায় স্টেডিয়ামে এসে অনুশীলন করে থাকে। গতকালও তারা অনুশীলন করতে স্টেডিয়ামে আসে। বৃষ্টির কারণে তাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য বলে আমি বাসায় চলে যাই। পরে জানতে পারি বজ্রপাতে নাদিম ও মিজান মারা গেছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকলে কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলাম বলেন, দুপুরের দিকে মৃত অবস্থায় ওই দুই কিশোরকে হাসপাতালে আনা হয়।
বার্তাবাজার/কে.জে.পি