নেত্রকোনার কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপজেলার চিরাং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। থানা হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। আদালতের নির্দেশে তিনি নিজে থানায় এ মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা খালিয়াজুরী সার্কেলের ও কেন্দুয়া সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল উদ্দিন ওসির বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের বিচারকের নির্দেশে বুধবার (৮ সেপ্টেম্বর) কেন্দুয়া থানায় মামলাটি দায়ের হয়। মামলা নং-০৯।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ২৫ ফেব্রুয়ারি ওসি রাশেদুজ্জামানের বিভিন্ন অপকর্ম ও দুর্নীতির বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করায় তিনি মামলার বাদী গোলাম মোস্তফাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এর জেরে গত ৪ জুন রাতে কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে অভিযুক্ত ওসি একটি সালিশে ঢুকে গোলাম মোস্তফাকে আটক করে। পরে সালিশের স্থানে কিছু তাস ছড়িয়ে ছিটিয়ে জুয়া খেলার ছবি তুলে ঘটনাস্থলে থাকা ৮ জনকে থানায় নিয়ে যান ওসি। সেদিন রাতে গোলাম মোস্তফাকে থানা হেফাজতে রেখে মারধর করে ও পায়ুপথে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন করেন।
বিবরণে আরও বলা হয়, পরবর্তীতে জুয়া আইনে আদালতে সোপর্দ করলে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। করোনাভাইরাসের কারণে আদালত বন্ধ হয়ে যাওয়ায় তখন মামলা করতে না পারার কথা আদালতকে জানান মামলার বাদী।
নিরপেক্ষতা এবং দক্ষতার সঙ্গে মামলার তদন্ত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল উদ্দিন।
বার্তা বাজার / ডিএস