পিতার কাছ থেকে টাকা আদায় করতে নিজেকে নিখোঁজের নাটক সাজায় রিদওয়ান আহমেদ (১৫) নামের এক স্কুলছাত্র। বৃহস্পতিবার দুপুরে তাকে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সে ফেনীর সোনাগাজী পৌরসভার ৭নং ওয়ার্ডের মহিউদ্দিন সেলিমের ছেলে এবং সোনাগাজী আল হেলাল একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র।
প্রযুক্তির ব্যবহার করে সিএমপি কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল নিখোঁজ রিদওয়ানকে উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্কুলছাত্র রিদওয়ান জানিয়েছে, পিতার কাছ থেকে ৩০ হাজার টাকা আদায়ের জন্য সেন নিজেই নিখোঁজ নাটক সাজিয়েছে।
পুলিশ ও তার পরিবার জানায়, গত ২৯ আগস্ট বিকালে পৌরসভার চরচান্দিয়া এলাকায় খেলাধুলা করার জন্য বের হয়ে নিখোঁজ হয় রিদওয়ান আহমেদ। নিখোঁজের পর গত ৫ সেপ্টেম্বর তার বাবা মহিউদ্দিন সেলিম সোনাগাজী থানায় সাধারণ ডায়েরি করেন। গত ৬ সেপ্টেম্বর অজ্ঞাত নাম্বার থেকে রিদওয়ানের বাবার কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবগত করেন রিদওয়ানের বাবা। পরে পুলিশ তাকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিদওয়ান বাবার কাছ থেকে টাকা নেয়ার জন্য এ নিখোঁজ নাটক সাজিয়েছে। স্কুলছাত্র ও বয়সের কথা বিবেচনা করতে তাকে মানসিক ও শারীরিক টর্চার না করতে তার পিতাকে নির্দেশনা দেয়া হয়েছে।
বার্তা বাজার / ডিএস