প্রধানমন্ত্রীকে কটূক্তি: চাকরিচ্যুত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ওয়াহিদুজ্জামান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ মন্তব্য করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক একেএম ওয়াহিদুজ্জামানকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান।
মো. ফয়জুল করিম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক একেএম ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত ওয়াহিদুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যমে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তবে তিনি ফেইসবুকে সক্রিয় ছিলেন। যার ফলে ধরে নেয়া যায় তিনি পালাতক। সে হিসেবে কর্তৃপক্ষ তাকে পলাতক হিসেবে ধরে নেয়। এ প্রেক্ষিতে একেএম ওয়াহিদুজ্জামানকে কারাগারে সোপর্দ হওয়ার দিন থেকেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
ফয়জুল করিম আরো জানান, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে উক্ত শিক্ষকের এ ধরনের অশালীন ও চরম আপত্তিজনক মন্তব্যের জন্য এবং তার নিরুদ্দেশ থাকার বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধি অনুযায়ী তদন্ত প্রক্রিয়ার বিভিন্ন ধাপ অনুসরণ করে ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটর ২০৯তম সভায় ওয়াহিদুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
ওয়াহিদুজ্জামান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্পাদক। তিনি দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছেন। তার চাকরিচ্যুতির ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বার্তা বাজার / ডিএস