গাজীপুরের শ্রীপুরে নেশার টাকার জন্য নিজের বৃদ্ধ বাবাসহ স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখম করেছেন রফিকুল ইসলাম তারিম (৩৫) নামের এক যুবক। গতকাল (বুধবার) সন্ধ্যার দিকে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত রফিকুল ইসলাম তারিম একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক কামরুল ইসলাম বলেন, রফিকুল ইসলাম তারিম নিয়মিত মাদক সেবন ও জুয়া খেলতেন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে তারিম নেশার জন্য তাঁর স্ত্রী মিতার কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারিম উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। মায়ের চিৎকার শুনে মেয়ে তুলি (১৩) এগিয়ে গিয়ে বাবাকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মেয়েকেও কোপাতে থাকে তারিম। এ সময় পুত্রবধূ ও নাতনিকে বাঁচাতে এগিয়ে যান তারিমের বৃদ্ধ বাবা রিয়াজ উদ্দিন । তাঁকেও কুপিয়ে আহত করেন তারিম।
তিনি আরও জানান, এ সময় আহতদের চিৎকার ও চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তারিম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এলাকাবাসী আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে গুরুতর আহত রিয়াজ উদ্দিন ও মিতাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে মাদকাসক্ত তারিমকে আটক করা সম্ভব হয়নি। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বার্তাবাজার/এসজে