পাবনা-৪ আসনের উপ-নির্বাচন উপলক্ষে বিএনপি প্রার্থীর মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক ও উপ-নির্বাচনের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং কমিটির সদস্য সচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রার্থী হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, পাবনা-২ আসনের সাবেক এমপি সেলিম রেজা হাবিব, পাবনা-৩ আসনের সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, হাসান জাফির তুহিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এ সময় বক্তারা বলেন, অতীতের সকল দলীয় কোন্দল ও বিভেদ ভুলে সবাই এক কাতারে মিলিত হয়ে এই নির্বাচনের মাধ্যমে সরকারকে উচিত জবাব দিতে হবে। বিএনপি আগের চেয়ে এখন অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। এই আসনটি বিএনপির আসন বলেই তারা দাবী করেন। গত কয়েকটি নির্বাচনে আমাদের অভ্যন্তরীণ কোন্দলের কারনেই আসনটি হারাতে হয়েছে। এবার এধরণের ঘটনা ঘটতে দেওয়া যাবে না বলেও নেতাকমীদের উদ্দেশ্য করে হুশিয়ারী উচ্চারণ করেন কেন্দ্রীয় নেতারা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং কমিটির সদস্য সচিব ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পাবনা-৪ আসনের উপ-নির্বাচনের ফলাফলের মাধ্যমেই ক্ষমতাসীন দলকে শিক্ষা দিতে চাই, তাদের জনপ্রিয়তা কতটুকু। আগামী ২৬ সেপ্টেম্বর সুষ্ঠ নিরপেক্ষ ভাবে ভোট গ্রহন করা হলে বিপুল ভোটে তারা পরাজিত হবে। সরকারী দলের উদ্দেশ্যে তিনি আরো বলেন, এই ভোট থেকেই বুঝতে পারবেন আপনারা কতটুকু জনপ্রিয় আছেন। একই সাথে তিনি দলীয় নেতাকমীদের যে কোন মুল্যে ভোট কেন্দ্র পাহারা দেওয়ারও অনুরোধ করেন।
বার্তা বাজার / ডিএস