বন্দর নগরী চট্টগ্রামের দেওয়ানহাট ও ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়ে ৪৮২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় দুই একর জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দেওয়ানহাট পোস্তার পাড় থেকে মার্শালিং ইয়ার্ড পর্যন্ত উক্ত উচ্ছেদ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, দীর্ঘদিন যাবত রেলওয়ের জায়গা দখল করে একটি অসাধু চক্র নানান অবৈধ স্থাপনা গড়ে ব্যবসা করে আসছিলো। যা পরিবেশের সৌন্দর্য বিকাশে বিশৃঙ্খলার পাশাপাশি চলতো নানান অপকর্ম ও মাদক ব্যবসা। তাই পরিবেশের সৌন্দর্য বিকাশে ও অবৈধ দখলদারিত্ব হতে রেলওয়ের জায়গা মুক্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে টানা উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৪৮২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের এক দশমিক ৮৩ একর জায়গা দখলমুক্ত করে রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী ও রেলওয়ের পক্ষ থেকে রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৬০ জন, রেলওয়ে পুলিশের ১৫ জন, নিরাপত্তা বাহিনীর ২০ জন ও থানা-ফাঁড়ির ২০ জন সদস্য।
বার্তা বাজার / ডিএস