পপুলার ডায়াগনস্টিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাড়ে তিন মাস বয়সী মৃত মিখাই সরেন নগরীর হড়গ্রাম পূর্বপাড়া খ্রিষ্টান কলোনির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্নেলিউস সরেন ও সাবিনা মার্ডি দম্পতির সন্তান।

শিশুটির স্বজনরা জানান, বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নিউমোনিয়ায় আক্রান্ত মিখাইল সরেনকে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শিশু বিশেষজ্ঞ ডা. বেলাল হোসেনকে দেখাতে নিয়ে যান। তখন অনলাইনে রোগী দেখছিলেন ডা. বেলাল হোসেন। তারপর তারা সিরিয়াল পান সন্ধ্যা ৭ টার দিকে। ডা. বেলাল হোসেন অনলাইনে শিশু মিখাইলকে দেখে নেবুলাইজার দিতে এবং এক্স-রে করতে বলেন তার সহযোগীকে। দেখাযায় নেবুলাইজার দেওয়ার পরই শিশু মিখাইলের শারীরিক আবস্থার আরও অবনতি ঘটে। পরে তড়িঘড়ি করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয় শিশু মিখাইলকে। রামেক হাসপাতালে যাওয়ার পর শিশু মিখাইল মারা যায়।

পরে শিশুটির মরদেহ নিয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অবস্থান নেন স্বজনরা। সেখানে শিশুর মৃত্যুর জন্য ভুল চিকিৎসার অভিযোগ তুলে বিচার দাবি করেন স্বজনরা। পরে রাত ১১টার দিকে পুলিশ এলে শিশুটির মরদেহ নিয়ে বাসায় ফেরেন স্বজনরা।

নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শিশুটির স্বজনরা ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছিলেন। পরে আমরা আইনগত ব্যবস্থা নেব বলি। শিশুটির মরদেহ নিয়ে ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ অনুসন্ধান করব। কিন্তু শিশুটির স্বজনরা ময়নাতদন্ত করতে রাজি হলেন না। স্বজনরা থানায় অভিযোগ না করেই মরদেহ নিয়ে যান।

শিশুটির চিকিৎসক ডা. বেলাল হোসেন বলেন, নিউমোনিয়ার কারণে শিশুটির শ্বাসকষ্ট হচ্ছিল বলেই নেবুলাইজার দেয়া হয়েছে। আর তা দেখেই স্বজনরা বলছেন, গ্যাস দিয়ে মেরে ফেলা হয়েছে শিশুকে। কিন্তু বিষয়টা সঠিক নয়। হাজার হাজার শিশু নেবুলাইজার নেয়। এটি ভুল চিকিৎসা হয়নি।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর