সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজার এলাকা রাস্তায় ট্রাকে রাখা বাঁশ বুকে ঢুকে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহজামাল নিহত হয়েছেন। তিনি আশাশুনি থানায় কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে এ দুর্ঘটনা উপজেলার চাপড়া ব্রিজের উত্তরপাশে ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ আটক করেছে ট্রাকচালক ও হেলপারকে। সিরাজগঞ্জ জেলার বাসিন্দা আটক ট্রাকচালক কামাল হোসেন ও হেলপার তমাল শেখ।
আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, বুধহাটা বাজারে ডিউটি করছিলেন এএসআই মো. শাহজামাল। ডিউটি শেষে ভোররাতে মোটরসাইকেলযোগে বুধহাটা বাজার থেকে থানায় ফিরছিলেন তিনি। চাপড়া ব্রিজের উত্তরপাশে অন্ধকারে পথিমধ্যে বাঁশ বোঝাই একটি ট্রাক অবৈধভাবে পাকিং করা ছিল। অন্ধাকারের মধ্যে বাঁশ বোঝাই ট্রাকটির পেছনের অংশের বাঁশ শাহজামালের বুকের ডান পাশে ঢুকে যায় এবং তার বাম হাতও জখম হয়।
ওসি আরও জানান, থানা পুলিশ খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাকের চালক ও হেলপারকে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকে কোনো আলোর ব্যবস্থা থাকলে এ দুর্ঘটনাটি ঘটতো না।
বার্তাবাজার/কে.কে