চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের মাটি ভরাটের কাজে নিয়োজিত পাঁচ ঠিকাদারকে পাহাড় কাটার অপরাধে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে প্রকল্প এলাকায় পাহাড় কাটার অপরাধে আরও ৬ জনকে ৬ লাখ ৬০ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানার আদেশ দেন।
মোয়াজ্জম হোসাইন জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কক্সবাজারের রামু বাইপাস, ঈদগাহ বাজার, বাংলাবাজারসহ বিভিন্ন জায়গায় পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেছে। একইভাবে ব্যক্তিগতভাবেও এসব এলাকায় পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেছে।
রেললাইন বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিসিইসিসি ম্যাক্স কোম্পানির নিয়োগ করা পাঁচ প্রতিষ্ঠান বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, আদিব ব্রাদার্স, সিস স্টুডিও, রিতাজ এন্টারপ্রাইজ ও খান ট্রেডিংকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও কক্সবাজারে ব্যক্তিগত উদ্যোগে পাহাড় কাটার অপরাধে সদরের শামীম আহমেদকে ৬০ হাজার টাকা, রামুর আবদুল মালেককে ২০ হাজার টাকা, উখিয়ার হেলাল উদ্দিন ও কাওসারকে ২ লাখ টাকা ও বান্দরবান পৌর এলাকার দলীলুর রহমান ও চন্দন বড়ুয়াকে ৩ লাখ ৮২ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) এছাড়াও ছাড়পত্রের শর্তভঙ্গের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সীতাকুণ্ড এলাকার পাঁচটি জাহাজ ভাঙা কারখানাকে।
তার মধ্যে আরেফিন ইয়ার্ডকে ১৫ হাজার টাকা, এস এইচ এন্টারপ্রাইজকে ১৫ হাজার, কিং স্টিলকে ১০ হাজার, এন বি স্টিলকে ১০ হাজার ও কে আর স্টিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বার্তা বাজার কে.কে