হয়রানি ও চাঁদা আদায়ের অভিযোগে বেনাপোলে ৬ প্রতারক আটক

যশোরের বেনাপোল স্থলবন্দরে পাসপোর্টধারী যাত্রীদের হয়রানি ও জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে ৬ প্রতারককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) তাদেরকে আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা সবাই বেনাপোল পৌরসভাধীন এলাকার, মোঃ ইয়াসিন(৩০), জসীম উদ্দিন (২৯), পাভেল সরদার (৩৩), শফিকুল ইসলাম(৩৩),মোঃ লুলু সরদার (৪৮)ও মোসলেম হোসেন রকি(৩১)।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।

তিনি জানান, গতকাল (৮ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্দুল লতিফ তার নিজের বোন নুরজাহান,খালাতো বোন নাজমা খাতুন ও আলীমকে ভারতের পাঠানোর উদ্দেশ্য বেনাপোল চেকপোষ্ট‍ে গাড়ি থেকে নামার পর একজন প্রতারক তাকে সহজে ভারতে পার করে দেবে এমন প্রলোভন দেখিয়ে বেনাপোল ইমেগ্রেশন সংলগ্ন অফিসের পেছনে অবস্থিত একটি দোকান ঘরের মধ্যে তাদেরকে নিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে কোনরূপ সেবা ও সুযোগ—সুবিধা না দিয়েই তাদের কাছে জোরপূর্বক ৩ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে ১৪/১৫ জন অজ্ঞাত ব্যক্তি তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক ৩ জনের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমদের উদ্ধার করে। এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করতে সক্ষম হয়। পুলিশ পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে ওই আসামি অন্যদের নাম প্রকাশ করে । এ বিষয়ে ভয় প্রদর্শন ও জোরপূর্বক চাঁদা আদায় করার অপরাধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ পরে আরো ৫ জনকে আটক করে।

এ সংবাদ সম্মেলনে যশোর পুলিশ সুপার ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/দুর্জয়

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর