ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধায় পণ্ড হয়েছে আলোচিত বক্তা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর মাদক ও কিশোর গ্যাং বিরোধী সভা। তাহেরীর দাবি করোনাভাইরাসের কারণে ছোট পরিসরেই সভার আয়োজন করা হয়েছিল।
আজ বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রামে সভাস্থলে গিয়ে তা বন্ধ করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারিভাবে গণজমায়েত নিষিদ্ধ রয়েছে। সেজন্য মাওলানা তাহেরীকে সভা বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী সাংবাদিকদের বলেন, আমাদের এলাকায় মাদক এমনভাবে ছড়িয়ে পড়েছে, যার জন্য মাদকবিরোধী সভা খুবই প্রয়োজন মনে করেছি। যে কিশোররা পড়ালেখা করে দেশ ও জাতির কল্যাণ করবে, তারা কিশোর গ্যাং তৈরি করছে। তাদেরকে সচেতন করার জন্য এলাকার গণ্যমান্যদের নিয়ে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সভার আয়োজন করেছিলাম। তবে করোনাভাইরাসের কারণে আমরা ছোট পরিসরে আয়োজন করেছিলাম। কিন্তু প্রশাসন থেকে নিষেধ করা হয়েছে। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে, পরবর্তীতে তারাও এ অনুষ্ঠানে থাকবেন।
বার্তাবাজার/কে.জে.পি