ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে হায়াত আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হায়াত আলীর মৃত্যু হয়।
এ ঘটনায় ১১ জনকে আসামী করে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৬। মামলার এজাহার নামীয় দুই আসামি ইনামুল শেখ (৪০) ও হানিফ শেখকে ( ৪২) গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলি গ্রামের আজিমউদ্দিন শেখদের সাথে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের সোনানগর গ্রামের বাদশা শেখদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে মঙ্গলবার সকালে আজিমউদ্দিনের ভাইয়ের ছেলে আলাউদ্দিন ও হায়াত আলী সোনানগর গ্রামে গেলে বাদশা গ্রুপের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বাদশা শেখের ছেলে রবিউল শেখসহ সঙ্গীয় লোকজন প্রথমে আলাউদ্দিন শেখকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এসময় হায়াত আলী ঠেকাতে গেলে বাদশা শেখের অপর ছেলে এনামুল শেখ দেশীয় অস্ত্র (কাতরা) হায়াত আলীর পেটের মধ্যে ঢুকিয়ে দেয়।
পরে স্থানীয়রা আলাউদ্দিন ও হায়াত আলীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হায়াত আলীর মৃত্যু হয়।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’
বার্তাবাজার/অমি