চট্টগ্রামে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খোলাবাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)।
বুধবার (০৯ সেপ্টেম্বর) টিসিবি চট্টগ্রামের পরিচালক জামাল আহমদ খোলাবাজারে পেঁয়াজ বিক্রির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামী রোববার থেকে চট্টগ্রামের বিভিন্ন স্পটে পেঁয়াজ বিক্রির পরিকল্পনা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটির বৈঠকে নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।’
তিনি জানান, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটির বৈঠকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতির পাশাপাশি পেঁয়াজের মজুদ, আমদানি ও সরবরাহ এবং মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পেঁয়াজের অবৈধ মজুত বা কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্য বৃদ্ধির চেষ্টা করা হলে সরকার আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করার প্রস্তাব দিয়েছে টাস্কফোর্স কমিটি।’
প্রসঙ্গত, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে রোববার (৬ সেপ্টেম্বর) দিনভর খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে আভিযান চালার চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পেঁয়াজের ১০ আড়তদারকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
এ অভিযানের জের ধরে সোমবার (৭ সেপ্টেম্বর) খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দেয় আড়তদাররা। পরে ৮ সেপ্টেম্বর চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সাথে আড়তদারদের বৈঠক হলে তিনি সীমিত লাভে বা কমিশনে আড়তে পেঁয়াজ বিক্রি করা হলে অযৌক্তিক জরিমানা ও অহেতুক হয়রানি বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এরপর খাতুনগঞ্জের ব্যবসায়ীরা পুনরায় পেয়াঁজ বিক্রি চালু করে।
বার্তাবাজার/অমি