সাংসদের ভাই ডুবে যাওয়ার ঘটনা ধরা পড়ল সিসি ক্যামেরায়

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের (চট্টগ্রাম–১৫) সাংসদের বড় ভাই আবুল ওয়াফা মোহাম্মদ শিহাব উদ্দিনের (৬৫) লাশ বাড়ির সামনে পুকুর থেকে উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে আবুল ওয়াফা মোহাম্মদ শিহাব উদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের (চট্টগ্রাম–১৫) সাংসদ আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীর বড় ভাই।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে তাঁর স্বজন ও স্থানীয় লোকজন বাড়ির সামনে পুকুরের পানিতে তাঁর লাশ ভেসে উঠতে দেখেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে মক্কার বাড়ি গ্রামে নিজ বাড়িতেই থাকতেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা লাশ উদ্ধারের পর ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হন, সাংসদের ভাই বাড়ির পুকুরে নেমে ঢলে পড়েন। পুকুরে নেমে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ডুবে মারা গেছেন বলে পরিবার ও পুলিশের ধারণা।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জোহরের নামাজের পর থেকে সাংসদের বড় ভাই আবুল ওয়াফা মোহাম্মদ শিহাব উদ্দিনকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত স্থানীয় লোকজন, আত্মীয়স্বজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করেন। তারা আশপাশের এলাকা, পাহাড়, আত্মীয় ও পরিচিত ব্যক্তিদের বাড়িতে খোঁজ করেন। কোথাও সাংসদের বড় ভাইয়ের খোঁজ পাওয়া যায়নি।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে এলাকার লোকজন ও স্বজনেরা খোঁজাখুঁজির পর বাড়িতে ফিরে এসে হাত-মুখ ধোয়ার জন্য পাশের পুকুর ঘাটে গেলে তাঁর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।.

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর