নিজেদের নির্দোষ দাবি করে আদালতে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে অস্ত্র আইনে করা মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন পাপিয়া দম্পতি।
আদালতে বিচারক তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ও ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ পড়ে শোনান। এ সময় বিচারক তাদের প্রশ্ন করেন, আপনারা দোষী না নির্দোষ? উত্তরে তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
পরে আদালত রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
বার্তাবাজার/কে.জে.পি