নেত্রকোনার কলমাকান্দায় গুমাই নদীতে ৩৬ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারডুবিতে এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন জানায়, সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে ৩৬ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নেত্রকোণা সদরের ঠাকুরাকুণা যাচ্ছিলো। কলমাকান্দার রাজনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী ট্রলারটির। এতে ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি।
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
বার্তাবাজার/অমি