ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।

মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১১ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্তের পর প্রথম ১ মাসে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ২৫ জন।

গত ৩ আগস্ট আক্রান্তের সংখ্যা ছিল ৪২৭ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা ছিল ৭ জন। বিগত ১ মাসে আক্রান্তের সংখ্যা আড়াই গুণ বেড়ে এক হাজারে দাঁড়িয়েছে। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। এখন পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলায় ৫১২ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১৯১ জন, হরিপুর উপজেলায় ৮৪ জন, রাণীশংকৈল উপজেলায় ১১৫ জন ও পীরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৯৩ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২০ জন।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার জানালেন, সামাজিক দুরত্ব মেনে চলা ও নাকে-মুখে হাত না দেওয়ার কথা। ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য প্রচুর পরিমাণ শাকসবজি ও ভিটামিনযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন তিনিও। সংস্পর্শে আসা রোধ করাটাই করোনা থেকে সুরক্ষিত থাকার সবচেয়ে বড় হাতিয়ার। ঠাকুরগাঁওবাসীকে সাবধান করার সুরে এই মহামারিতে হাটবাজার, মার্কেট, ধর্মীয় উপাসনালয়ে ভিড় না জমানোর অনুরোধ করেন সিভিল সার্জন।

অনেকেই হয়ত বলছেন এগুলো ৪-৫ মাস আগেও শুনেছি। কিন্তু মেনেছি কি আসলে? পুরাতন কথা নতুনভাবে বলার পিছনে রয়েছে বিস্তর কারণ। কেননা, করোনা এখন ঠাকুরগাঁওবাসীর নিকট এক আতঙ্কের নাম করোনাভাইরাস। হ্যাঁ আতঙ্কের, তবে সেটা স্বাস্থ্যবিধি না মানলে ঠিক তখন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর