নারায়ণগঞ্জের রুপগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে এই হামলার ঘটনাটি ঘটায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ ও তার অনুসারীরা।
হামলার ঘটনায় পুলিশ এসে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। তারা হলেন, উপজেলার দড়িকান্দি এলাকার আলী হোসেনের ছেলে দিলিপ ও সরকারপাড়া এলাকার নঈমুলের ছেলে সাব্বির।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রেসক্লাবের কার্যালয়ের সামনে সশস্ত্র অবস্থায় আলমাছ বাহিনীর সন্ত্রাসী সাদ্দাম, তাহের, সুমন, দিলীপ, সিব্বিরসহ অন্তত ২০ থেকে ২৫ জন অবস্থান নেয়। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে গালিগালাজ শুরু করে। এসময় সন্ত্রাসীরা কর্মরত সাংবাদিকদের কয়েক ঘণ্টাব্যাপি অবরুদ্ধ করে রাখে। দুপুর একটার দিকে আলমাছ চেয়ারম্যানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী প্রেসক্লাব কার্যালয়ে হামলা চালায়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে আলমাছ সটকে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোর্পদ করে।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তার প্রদান করা হবে। প্রয়োজনে সাংবাদিকদের পুলিশি নিরাপত্তায় বাড়ি পৌঁছে দেয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে আলমাছ চেয়ারম্যানের নানা অপরাধের সংবাদ বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করার পর তিনি রূপগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের প্রতি ক্ষুব্ধ ছিলেন। মাঝে মাঝে প্রেসক্লাবের সাংবাদিকদের তিনি ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এর জের ধরেই মঙ্গলবার দুপুরে এ হামলা করা হয়।
বার্তাবাজার/এসজে