দুই ছাত্রলীগ নেতার ফেন্সিডিল সেবনের ভিডিও ভাইরাল, তাদের দাবী ‘এগুলা এডিটিং’

গাজীপুরের পূবভাইলে দুই ছাত্রলীগে নেতার ফেন্সিডিল সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে কামাল আহমেদ নামের এক ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে ওই ভিডিও পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বর্তমানে ভিডিওটি ‘টক অব দ্য সিটিতে’ পরিণত হয়েছে।

এ বিষয়ে পূবাইল থানা ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজুল ইসলাম জানিয়েছেন, ভিডিওতে দুই ছাত্রলীগ নেতার একজন গাজীপুর মহানগরীর পূবাইল থানা ছাত্রলীগ সভাপতি গোলজার হোসেন মৃধা টুটুল ও অপরজন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি আশফাকুজ্জামান দুদুল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত অবস্থায় পূবাইল থানা ছাত্রলীগ সভাপতি গোলজার হোসেন মৃধা টুটুল এক যুবকের কাছ থেকে ফেনসিডিলের বোতল নিয়ে পাশে থাকা আশফাকুজ্জামান দুদুলকে দিচ্ছেন। দুদুল রাস্তার উপর দাঁড়িয়েই কিছুটা সেবন করেন। বাকীটুকু গোলজার হোসেন টুটুলকে দিলে তিনি বাকী ফেনসিডিল শেষ করে দুইজন এক সাথে চলে যাচ্ছেন।

তবে ভিডিওটিকে ‘এগুলা এডিটিং করা যায় বলে দাবী করে’ গোলজার হোসেন টুটুল মৃধা বলেন, দলীয়ভাবে হেয় করার জন্য একটি মহল এডিটিং করে ভিডিওটি ফেসবুকে ছেড়েছে। তিনি এ ঘটনার প্রতিবাদ জানান।

এ বিষয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমতউল্লাহ খান বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে সব সময়ই পুলিশ তৎপর। ভিডিওটি পরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর