দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলায় তদন্তের বিষয়ে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা বলেছেন, ‘আইন শৃঙ্খলাবাহিনী যে কাজটা করতেছেন এটা আইন শৃঙ্খলাবাহিনীর দায়িত্ব। আপনারা জানেন এই ঘটনায় একটি মামলা হয়েছে। কোন মামলা বা কেস যদি হয় এটা তদন্ত করার দায়িত্ব পুলিশের। এটা অন্য কেউ তদন্ত করতে পারে না। ইনভেস্টিগেশনের এক্সক্লুসিভ দায়িত্ব আইন শৃঙ্খলাবাহিনীর তথা আমাদের দেশের পুলিশ বাহিনীর। পুলিশ বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে, আমাদের বিশ্বাস সঠিক যে বিষয় সেটা তদন্ত করে পুলিশ বাহিনী বের করে আনবে। আমরা একটি ন্যায় বিচার পাব। আশা করি, যারা দোষী তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।’
মঙ্গলবার (৮ সেপ্টম্বের) বিকাল সাড়ে ৪টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ছাদ বাগান উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় রংপুর বিভাগী কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞাকে ইউএনও ওয়াহিদার ওপর হামলার বিষয়ে সর্বশেষ অবস্থা জানতে চাইলে তিনি আরও বলেন, ‘ডাক্তারদের ভাষ্যমতে, শারীরিকভাবে তিনি সুস্থ হচ্ছেন। তবে ফাইনাল কোন মন্তব্য করার সময় আসেনি। আগামীকালকে (বুধবার) একটি বোর্ড বসবে সেখানে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সরব আছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন, যাতে করে তার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়। সেভাবেই চিকিৎসকরা কাজ করে যাচ্ছেন। আমরা আশা করছি তিনি সুস্থ হয়ে জনগণের সেবা করবেন, বাংলাদেশের উন্নয়নে কাজ করবেন।’
আসামি চিহ্নিত করার ক্ষেত্রে জানতে চাইলে তিনি বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করে যাচ্ছেন। তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে আসল অপরাধী কারা। সেই সাথে আসল অপরাধীদের আইনের আওতায় এনে তাদের সাজা দেওয়া হবে।’
প্রশাসনের তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রশাসনের বিষয়টা প্রশাসনিক। এটা পুলিশের তদন্তের সাথে সম্পৃক্ত নয়। আমরা নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করতে পারি। ইতিমধ্যে আপনারা জানেন, প্রত্যেকটি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে আনসার বাহিনীর সদস্যদের নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে।’
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ বাগানের উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আসিফ মাহমুদ প্রমুখ।
বার্তাবাজার/এসজে