ওসি প্রদীপের নামে মামলা দায়ের করলেন নির্যাতিত সাংবাদিক ফরিদুল

সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় বরখাস্ত হওয়া কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৩০ জনের নামে অভিযোগ দায়ের করেছেন সদ্য কারামুক্ত ও প্রদীপের রোষানলের শিকার সাংবাদিক ফরিদুল মোস্তফা খান।

আজ (মঙ্গলবার) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক তামান্না ফারাহর আদালত-৪ এ তিনি অভিযোগটি দাখিল করেন। অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তসন্তের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের দায়েরকৃত ফৌজদারি অভিযোগে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশ সদস্য ও তাদের দালালদের মাধ্যমে পৃথক চার দফা ঘটনায় নানাভাবে শারীরিক নির্যাতন, হত্যাচেষ্টা, মিথ্যা মামলা দায়েরসহ নানা অভিযোগ আনা হয়েছে।

আদালতে অভিযোগ দায়েরকালে বাদীর পক্ষে ছিলেন কক্সবাজার জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সিদ্দিকী, সিনিয়র আইনজীবী মো. মোস্তফা, মো. আবদুল মন্নান, ফখরুল ইসলাম গুন্দু, রেজাউল করিম রেজা, এমএম ইমরুল শরীফসহ অসংখ্য আইনজীবী।

ফরিদুল মোস্তফা খান জনতার বাণী ডটকম এবং দৈনিক কক্সবাজার বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি টেকনাফ হোয়াইক্যং সাতঘরিয়া পাড়ার বাসিন্দা মরহুম ডা. মো. ইছহাক খানের ছেলে। বর্তমানে শহরের ১নং ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়াপাড়ার বাসিন্দা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর