দক্ষিণ আফ্রিকায় এমপুমালাঙ্গা প্রদেশে গ্রাহকদের আকর্ষণ করতে রেস্টুরেন্টের ভেতর একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ ছেড়ে দিয়েছেন রেস্তোরাঁর কর্তৃপক্ষ। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, সিংগিটা এবনি লজের খোলামেলা রেস্তোরাঁর এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে যাচ্ছে চিতাবাঘটি। এমনভাবে হেলেদুলে সে হেঁটে যাচ্ছে, যেন এটি তার নিজের বাড়ি।
গত ৩ সেপ্টেম্বর সিংগাটা নামে একটি ফেসবুক পেইজে ভিডিওটি আপলোড হয়েছে। রেস্তোরাঁয় উপস্থিত এক ক্রেতা চিতাবাঘটিকে দেখতে পেয়েই মোবাইলের ক্যামেরা অন করেন। তাতেই ধরা পড়ে গোটা ঘটনা। সেখানে দেখা যাচ্ছে, এক ক্রেতার খুব কাছ দিয়েই চিতাবাঘটি চলে যাচ্ছে। তবে কাউকে আক্রমণ করা তো দূরের কথা, কারো দিকে ফিরেও তাকায়নি সে।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, এই চিতাবাঘটিকে আগেও আশপাশে ঘুরতে দেখা গেছে।
ভিডিওটি দেখে নেটিজেনরা নানা রকম মন্তব্য করেছেন। কেউ বলছেন, ক্রেতারা বেশ ভাগ্যবান, এমন ঘটনার সাক্ষী থাকতে পারলেন। কেউ আবার এতে বিপদও দেখতে পাচ্ছেন।
বার্তাবাজার/কে.জে.পি