চট্টগ্রাম খাতুনগঞ্জে হঠাৎ পেঁয়াজ কেজিতে বেড়েছে ২০ টাকা

চট্টগ্রামে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। বর্তমানে এই বাজারে পেঁয়াজের দামে অস্থিরতা বিরাজ করছে। এই বাজারে এক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা ছিল । কিন্তু সোমবার (৭ সেপ্টেম্বর) যৌক্তিক কারণ ছাড়াই প্রতি কেজি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে।

ভোক্তারা হঠাৎ করে কেন এই পেঁয়াজের দাম দ্বিগুন হয়ে গেল তার সঠিক কারণ খুঁজে পাচ্ছে না।

এদিকে ব্যবসায়ীরা বলছে, ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি ও চাহিদানুযায়ী পর্যাপ্ত মজুদ নাথাকায় বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, মূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা প্রশাসন খাতুনগঞ্জে অভিযান চালালে ব্যবসায়ীরা এই অভিযান ঠেকাতে আড়ত বন্ধ করে আন্দোলনে নেমেছেন।

হঠাৎ পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি পাওয়ায় দুই দিন আগে চট্টগ্রাম জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে খাতুনগঞ্জের পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এবং শিরিন আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন। হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির যথার্থ কারণ দেখাতে না পারায় এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০ আড়তদারকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, খাতুনগঞ্জ বাজারে আড়তে সরেজমিন গিয়ে দেখা যায়, আড়তদাররা আমদানিকারকদের ফোন করে দাম নির্ধারণ করে। মুনাফা করতে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ২০ টাকার মতো বাড়ানো হয়। এই অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।

তবে খাতুনগঞ্জের ব্যবসায়ী ও আড়তদাররা বলেন, আমদানিনির্ভর দেশের পেঁয়াজের বাজার। আমরা ভারতীয় পেঁয়াজের ওপর ৯৫ শতাংশই নির্ভরশীল। বর্তমানে বন্যা ও বৃষ্টির কারণে ভারতের বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে। এর প্রভাবে ভারতীয় পেঁয়াজের সরবরাহ হঠাৎ করে কমে যাওয়ায় আমাদের দেশের বাজারে দাম বাড়তির দিকে।

তবে খাতুনগঞ্জের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, যদিও ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু দেশের বাজারে এখনও সঙ্কট নেই। দেশের বাজারে প্রচুর পেঁয়াজ আমদানি এবং মজুদ রয়েছে আগের দামে। আর ভারত থেকে পেঁয়াজ আমদানিও বন্ধ হয়নি। কতিপয় আমদানিকারক ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার তথ্য জেনে দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে।

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, এখানে ব্যবসায়ীদের কারসাজি নেই। ভারতীয় পেঁয়াজ আমদানির জন্য বুকিংরেট বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পেঁয়াজ প্রতি কেজি ৩৮ টাকা দরে পাইকারি এবং ৪৫ টাকা দরে খুচরা বিক্রি করা হচ্ছে।

গতদিন সোমবার (৭ সেপ্টেম্বর) খাতুনগঞ্জের আড়তদাররা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠেকাতে রীতিমত আন্দোলনে নেমেছে। ব্যবসায়ীরা তাদের পেঁয়াজের আড়তে তালা লাগিয়ে বিক্ষোপ করছেন এবং একই সময় খাতুনগঞ্জ বাজারের সড়কে ঠেলাগাড়ি রেখে যান চলাচল বন্ধ করে দেয়।

এই আন্দোলন প্রসঙ্গে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম জানান, খাতুনগঞ্জে হয়রানি বন্ধের দাবিতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে আন্দোলন করে। অহেতুক হয়রানি ও অযৌক্তিক জরিমানা বন্ধের আশ্বাসের পর তারা ব্যবসা শুরু করেছে।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর