পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে পড়ে লাবিব হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহতের বাড়ি উপজেলার চাকলাহাট ইউনিয়নের মেহের পাড়া গ্রামে। সে ওই গ্রামের জসীমউদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে লাবিব বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের কাছে গেলে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা লাবিবকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে। পরে পরিবারের সদস্যরা মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহমেদ, পুকুরের পানিতে পড়ে লাবিব নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/অমি