পাপিয়া ও স্বামী সুমনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ

শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের নামে করা অস্ত্র আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তিনি যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে সর্বশেষ সাক্ষী হিসাবে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপপরিদর্শক আরিফুজ্জামানকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াত উল্লাহ ভূইয়া। সাক্ষ্যগ্রহণ শেষে আগামীকাল বুধবার আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য করেছেন আদালত। এখন পর্যন্ত সর্বমোট ১৪ সাক্ষীর মধ্যে গত ছয় কার্যদিবসে ১২ জনের সাক্ষ্য নেওয়া হলো।

গত ২৯ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক আরিফুজ্জামান এ চার্জশিট জমা দেন। গত ১৮ আগস্ট দুই আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন আদালত। পরে গত ২৩ আগস্ট একই আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন।

গত ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনসহ দুই সহযোগী দেশ ছেড়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করে র‌্যাব। সে সময় তাদের কাছ থেকে দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ টাকার জাল নোট, ১১ হাজার ৪৮১ ডলার, শ্রীলঙ্কা ও ভারতের কিছু মুদ্রা, সাতটি পাসপোর্ট ও দুটি ডেবিট কার্ড জব্দ করে র‌্যাব।

তার পর র‌্যাব অভিযান চালায় শামীমা নূর পাপিয়ার ফার্মগেটের ফ্ল্যাটে। পাপিয়ার ফ্ল্যাট থেকে র‌্যাব একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০টি গুলি, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচ বোতল বিদেশি মদ এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড জব্দ করেছে।

এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে একটি ও বিশেষ ক্ষমতা আইনে একটি এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর