বশেমুরবিপ্রবিতে অস্থায়ী কর্মচারীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতন পরিশোধের দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করছে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীরা।

অস্থায়ী কর্মচারীরা সোমবার থেকে দ্বিতীয় দিনের মত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করছে।

বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব কর্মস্থলে যোগদানের দ্বিতীয় দিনেই এই অবস্থান কর্মসূচিতে নেমেছে অস্থায়ী কর্মচারীরা।

চাকরী স্থায়ীকরণ আন্দোলনকারী কর্মচারীদের পক্ষে মোস্তাফিজুর রহমান জানান, ‘ইতোপূর্বে আমরা ৩ দফা দাবিতে কর্মসূচি পালন করেছি। তবে স্থায়ী নিয়োগ এবং নীতিমালা অনেকটা একই দাবি হওয়ায় বর্তমানে অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতন পরিশোধ, এই ২টি দাবি আদায়ে কাজ করছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড.এ.কিউ.এম মাহবুব জানান, “বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের অস্থায়ী চাকুরি হবে সেটা মেনে নেয়া যায় না। কর্মচারীদের চাকুরি অস্থায়ী হওয়ার ব্যাপারে আমি জ্ঞাত ছিলাম না৷ তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ডীনবৃন্দদের সাথে আলোচনার মাধ্যমে ২-৩ বছরের অভিজ্ঞ এবং দক্ষ কর্মচারীদের নিয়োগ করা হবে।”

তিনি বলেন, “কর্মচারীদের বেতন ইউজিসি থেকে প্রেরন করা হয়৷ সেক্ষেত্রে ইউজিসি যদি বেতন প্রেরন করে তাহলে কর্মচারীদের বেতন অবশ্যই পরিশোধ করা হবে। তবে তার আগে রেজিস্ট্রার এবং ডীনবৃন্দদের সাথে আলোচনা অবশ্যই করতে হবে।”

উল্লেখ্য, প্রায় ১৩মাস যাবৎ অস্থায়ী কর্মচারীদের বেতন, ভাতা বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে তিন দফা দাবি নিয়ে তারা ২০১৯ সালের নভেম্বর হতে নানা আন্দোলন কর্মসূচি পালন করে আসছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর